দীর্ঘ ৩৫ বছর পর রাজবাড়ী জেলা পুনরায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী পেয়েছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তার আগে বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯১ সালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন রাজবাড়ীর পুত্রবধূ অধ্যাপিকা জাহানারা বেগম। বিএনপি ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় এলে তিনি টেকনোক্র্যাট কোটায় সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়। গতকাল ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৬ সালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পরবর্তীতে ২০০৯ সালে একই মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালে কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি রাজবাড়ী জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। জেলা শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় অঙ্গনে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতিমন্ত্রী হওয়াকে স্থানীয়রা দেখছেন রাজবাড়ীর রাজনৈতিক প্রতিনিধিত্বের শক্তিশালী স্বীকৃতি হিসেবে।
