পাবনার আটঘরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বুধবার দুপুরে বাবা লোকমান হোসেনের সাথে ছেলে কামরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেন (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা টেরে পেয়ে ছেলে কামরুল (৩২) কে আটক করে পুলিশে খবর দেয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত ছেলে কামরুলকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, আটক ছেলে কামরুল মাদকাসক্ত। এর আগেও সে টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে স্থানীয়রা জানান। ধারণা করা হচ্ছে নেশার টাকার জন্য ছেলে কামরুল পিতাকে কুপিয়ে হত্যা করেছে।
