প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের এখন সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি দেশ ও জনগণের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তিনি তার পরিকল্পনার অনেক বিষয় তুলে ধরেছিলেন। জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়েছে। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণের দায়িত্ব সরকারের। তিনি বলেন, তারা তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন।
তিনি বলেন, অঙ্গীকার পূরণের যাত্রাপথে ভবিষ্যতের দিনগুলোতেও জনগণের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন। সরকারপ্রধান হিসেবে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি সবার অধিকার সমান।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন এবং ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন।
