প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, রমজান মাসটিকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করতে। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, তাই এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্যণীয়।
তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। বিএনপি সরকার সবক্ষেত্রেই অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব ব্যবসায়ীর প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত।
তিনি বলেন, রমজান মাসে রোজাদাররা বিশেষ করে ইফতার, তারাবিহ, সেহরির সময় নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস-আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ।
