জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। আজ রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। তাবেদারমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নতুন সরকার যাত্রা শুরু করেছে। গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘এই দেশ আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবার জন্য এটি একটি নিরাপদ ভূমিতে পরিণত করা আমাদের লক্ষ্য।’

তারেক রহমান উল্লেখ করেন, ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘জুয়া এবং মাদক আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ এবং এর নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

সরকারের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ‘আইনশৃঙ্খলার উন্নয়ন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বিধিবদ্ধ নিয়মে চলবে। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।’

রমজান মাস উপলক্ষে তিনি ব্যবসায়ীদের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘এই মাসটিকে ব্যবসায় মুনাফার মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যাওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।’

তিনি আরও জানান, ‘রমজানে ইফতার, তারারি, সেহরির সময় গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের কৃচ্ছ্রতাসাধনের আহ্বান জানিয়ে আমি দলের এমপিদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স-ফ্রি গাড়ি আমদানি করবেন না।’

যানজটের সমস্যা সমাধানে তিনি বলেন, ‘রাজধানী ঢাকায় যানজট নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে এটি আমাদের জন্য জনসম্পদ হয়ে উঠবে। প্রযুক্তির যুগে টিকে থাকতে আমাদের বিশেষ ক্ষেত্রে পারদর্শী হতে হবে।’

শিক্ষার্থী ও যুবশক্তির উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। আপনারা বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের অঙ্গীকার পূরণের কাজ শুরু হয়েছে।’

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকারের প্রতি আপনাদের অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, রাষ্ট্র সবার। প্রত্যেক বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।’

আরও পড়ুন