ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার।
মামলায় ঘটনার মূলহোতা হিসেবে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশীর নাম উল্লেখ করে তার সহযোগীদের অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম। বুধবার দুপুর সোয়া ২টার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মান্নান তালুকদার বলেন, ঘটনার সময় ময়মনসিংহ যাওয়ার পথে শাহী মুনশী তাকে সিএনজি থেকে টেনেহিঁচড়ে নামায় এবং মারধর করে একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু কখনো এমন নির্যাতনের শিকার হইনি।
ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গৌরীপুরে শান্তি ফিরে আসবে বলে আশা করেছিলাম, কিন্তু আমি এ উপহার পেলাম। আশা করছি প্রতিমন্ত্রী ও জনতা আইনের মাধ্যমে এ ঘটনার বিচার করবেন।
পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়েই মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
