তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটি সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ ও নিয়োগ বহাল বা বাতিলের বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।
সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন।
বাসসের ঘটনার সঙ্গে এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গও সাংবাদিকরা তোলেন। মন্ত্রী জবাবে বলেন, বাসসে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা আলাপ-আলোচনার সাপেক্ষে বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করা হবে। ব্যক্তিগত মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছেন।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সংক্ষুব্ধ কয়েকজন এবং এখন টিভির মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেবেন। এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, বারবারই বলা হচ্ছে প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দেওয়া হয়েছে এবং সাংবিধানিক পদ্ধতির মধ্যেই দাঁড়িয়ে আছেন। জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও সংবিধান নির্দেশিত পথের বাইরে যাওয়া হয়নি।
দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাওয়া হোক, সবসময় বিধি-বিধানের মধ্যে যাওয়ার চেষ্টা করা হবে। বিধি-বিধানের বাইরে কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্ত্রী জানান।
