আগামী মে মাস থেকে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের ইশতেহারে প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কথা আছে। আমাদের লক্ষ্য প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ।’ তিনি উল্লেখ করেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বেসরকারি খাত থেকে চারা সংগ্রহ করা হবে।
কত দিনের মধ্যে এ চারা রোপন করা হবে জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেন, ‘মে মাসের মধ্যে শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না।’ তিনি বলেন, ‘এ বছর তো পাঁচ কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা সব খোঁজ করে যা পাওয়া যায় সবই লাগাবো।’
গাছের চারা কোথায় লাগানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘লাগানোর যে ৭/৮টা সিস্টেম আছে। চরে, নদীর দুই সাইডে, বাঁধে, রাস্তার ধারে, হিল ট্র্যাকের এরিয়া, ম্যানগ্রোভ এবং সুন্দরবনের মতো লবণাক্ত পানির এলাকায় লাগানো হবে।’
মন্ত্রী বলেন, ‘মোট কথা এক লাইন আমাদের মেনিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এ বছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি। এটাই আমাদের প্ল্যান।’
