চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ৫৮ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন। তিনি ১১টি চার ও ৪টি ছক্কায় এই সেঞ্চুরি করেন। তবে তার ব্যাটিং পদ্ধতি নিয়ে ভারতের সাবেক বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান কটাক্ষ করেছেন।
বাঁচা–মরার ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান তোলে। শেষ ওভারে ফারহান ৯৯ রানে ছিলেন এবং জেরার্ড এরাসমাসের বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন। কিন্তু শেষ বলে আক্রমণাত্মক ক্রিকেট না খেলে ডট দেন তিনি। তাতেই বিস্ময় প্রকাশ করেন পাঠান।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে পাঠান বলেন, “সে অবশ্যই শতক করেছে, কিন্তু সিঙ্গেল নিয়ে! অবিশ্বাস্য! শেষ ওভারে ডিফেন্সিভ শট খেললেন, তারপর শেষ বল ছেড়ে দিলেন। কামাল হ্যায়!” একই ওভারে শাদাব খান দুটি ছক্কা হাঁকিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন, যার প্রশংসা করেন পাঠান। তার মতে, অফস্পিনারকে আক্রমণ করাই ছিল সঠিক কৌশল।
শেষ পর্যন্ত পাকিস্তান ১০২ রানের বড় জয় পেয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে। গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে তারা পরের পর্বে ওঠে। এদিকে বিশ্বকাপ থেকে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র বিদায় নেয়।
