পাবনার সাঁথিয়ায় মাদক কারবারি নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আটক ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক কারবারি করে আসছিলেন। মাদকের সম্রাজ্য গড়ে তোলায় এলাকার উঠতি বয়সী ছেলেরা মাদকে জড়িয়ে পড়ছে।
বৃহস্পতিবার দুপুরে মাদক কারবারি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলমের বাবা আব্দুল গফুর গুরুতর আহত হন। আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
