দলীয় পরিচয়ে জুলুম না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

দলীয় পরিচয়ে জুলুম না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। তিনি বলেন, সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি-সেই চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। ডা. শফিকুর রহমান বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে।

সম্প্রতি ‘এখন টিভি’র চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো-সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করবো সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআন প্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা।

ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুন