আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, মেলা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রকাশক, আয়োজক ও স্টল তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবারও (১৯ ফেব্রুয়ারি) স্টলের জন্য আবেদন করেছে অনেক প্রকাশনা সংস্থা।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে স্টল তৈরিতে ব্যস্ত কারিগররা জানালেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। তাঁরা রঙের কাজ ও বিদ্যুতের লাইন তৈরিতে ব্যস্ত আছেন।
প্রতিবছরের মতো এ বছরও লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। স্টলের কাজে কোনো ভুল যেন না হয়, তা দেখতে তদারকি চলছে পুরোদমে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশকদের একটি অংশ শুরুতে বইমেলা নিয়ে দ্বিমত প্রকাশ করলেও এখন সবাই একমত হয়েছেন। অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পরে এটি বাস্তবসম্মত সময় নয়।
সেলিম রেজা আরও বলেন, সেই প্রেক্ষিতে ওনারাও সম্মত হয়েছেন যে এ সময় মেলা করলে নিশ্চয়ই সমস্যা হবে না। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হলো যে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। আমি আশাবাদী, সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি মেলা আমরা করতে পারব।
মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে শুরু হবে সকাল ৯টা থেকে।
