শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপির সরকার: প্রতিমন্ত্রী

শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপির সরকার: প্রতিমন্ত্রী

এ দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নতি করতে বিএনপি সরকার কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, খেটে খাওয়া মানুষ কষ্ট করে রোজগার করে পরিবার চালায়। তাদের সঙ্গে বসে ইফতার করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তার ওপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সমস্যার কিছুটা লাঘব করে সমাজে সমপর্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনীতি করে যাবেন। সবসময় নেক ও সৎ পথে থেকে যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন এ জন্য সবার দোয়া কামনা করেন ইশরাক।

আরও পড়ুন