ফরিদপুরের সালথায় গরু চুরির উদ্দেশ্যে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। তবে চোরেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি গ্রামবাসী।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।
এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায় এবং চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি ফেলে রেখে যায়।
পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে আসলে চোরেরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামবাসীরা ট্রাক পুড়িয়ে দেওয়ার পরও চোরদের আটক করতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
