ঘোড়ার মাংস পাচার চেষ্টায় দুইজন কারাদণ্ড

ঘোড়ার মাংস পাচার চেষ্টায় দুইজন কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে ৪০০ কেজি ঘোড়ার মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছে।

শুক্রবার সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। আটকরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের মো. কাওছার আলী পলাশ ও মো. শরিফুল ইসলাম।

উপজেলা প্রশাসন গভীর রাতে যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাঠানোর পরিকল্পনার তথ্য পায়। কাজিপুর থানা পুলিশের একটি দল রাতভর নদীতীরবর্তী এলাকায় নজরদারি চালায়। পরে ঢাকায় পাচারের সময় একটি পিকআপ থেকে ১১টি বস্তায় রাখা প্রায় ৪০০ কেজি হাড়বিহীন ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা যমুনার চরে ৮টি ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ধারা লঙ্ঘনের দায়ে দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে।

এ সময় কাজিপুর থানা পুলিশের একটি দলসহ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ঘোড়ার মাংস গর্ত করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন