বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ভাঙনের কবলে পড়ে বিলুপ্তির পথে। সাগরের ঢেউয়ের আঘাতে সৈকতের আয়তন দিনদিন সংকুচিত হচ্ছে, পাশাপাশি সংলগ্ন সংরক্ষিত ঝাউবাগানের প্রায় ৬০ হাজার গাছও বিলিন হয়েছে।
সৈকতটি তালতলী উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অবস্থিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় এ সৈকতের আয়তন প্রায় সাড়ে ৪ কিলোমিটার ছিল।
সরেজমিনে দেখা গেছে, সৈকতে নামার পাকা রাস্তা ভেঙে পড়েছে এবং পর্যটকদের রাত্রিযাপনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকারি ডাকবাংলো থাকলেও সেখানে খাবারের ব্যবস্থা নেই, যা পর্যটকদের বিব্রত করছে।
পর্যটক নাজনীন আক্তার বলেন, পারিপার্শ্বিক অবস্থা খারাপ থাকায় ভবিষ্যতে পর্যটকরা আসতে নিরুৎসাহিত হবেন। মো. মাসুম উল্লেখ করেন, বনের বিশাল অংশ সাগরে বিলিন হয়ে গেছে এবং ভাঙন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন।
ফাতিমা আক্তার বলেন, ২০১৯ সালের তুলনায় সৈকত ছোট হয়ে গেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য হ্রাস পেয়েছে। মো. আব্দুল লতিফ যোগ করেন, আগে প্রচুর পর্যটক আসলেও এখন সংখ্যা কমে গেছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, ভাঙন বিষয়টি তাদের নজরে এসেছে এবং স্থানীয় মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের চিঠি পাওয়া গেছে। জিও টিউব দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাজেট চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, অনুমোদন পেলে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
