মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তিনি বলেন, সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে এবং আশা করা হচ্ছে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এই ব্যবস্থা জেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে। এছাড়াও মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সঙ্গে কথা হয়েছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ ও সাবেক সভাপতি জাফর আহমেদসহ কর্মকর্তারা।
