রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধে পুলিশের জিজ্ঞাসাবাদ

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধে পুলিশের জিজ্ঞাসাবাদ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে সাংবিধানিক লঙ্ঘন হলে সেটি পরে দেখা হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দিয়ে মিলন বলেন, তিনি জীবনে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেন না।

তিনি আরও বলেন, যারা এই অবস্থানের সঙ্গে একমত নন, তারা দায়িত্বে থাকতে পারবেন না। কচুয়াকে পবিত্র ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে চান মন্ত্রী। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কিশোর গ্যাং দমন এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে বলে মন্তব্য করেন মিলন।

বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। এতে প্রশাসন ও পুলিশ আরও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

এসময় চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন