বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই তার লক্ষ্য। শুক্রবার যশোরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অমিত বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি নির্বাচনের আগে যশোরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। তিনি নেতাকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী অমিত নতুন সরকারে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে পা রাখেন। শুক্রবার সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা পান। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
যশোর বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষে অভিনন্দন জানান।
সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে শুভেচ্ছাবিনিময় চলে, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান।
পরে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
দুই দিনের সফরে প্রতিমন্ত্রী অমিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে তার মিডিয়া উইং জানিয়েছে।
