টিআইবির আহ্বান: প্রধানমন্ত্রীর দলীয় শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দিন

টিআইবির আহ্বান: প্রধানমন্ত্রীর দলীয় শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিবহনমন্ত্রীর চাঁদাবাজি সংক্রান্ত বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংস্থাটি প্রধানমন্ত্রীকে নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা মন্ত্রিপরিষদের সদস্যদের দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থানের বিপরীত। সরকার গঠনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর এ মন্তব্য হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজিকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এতে পরিবহন খাতের পেশাজীবী ও সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিক ও শ্রমিক কল্যাণকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দেওয়া হলে অন্যান্য সরকারি সেবা ও খাতেও একই তত্ত্ব প্রয়োগের প্রশ্ন উঠবে। সরকার যদি দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার রক্ষা করতে চায়, তাহলে মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান ও তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদ পতনের পর দেশে চাঁদাবাজির হাতবদল হয়েছে, যা বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০১২ সালে একই তত্ত্বে পতিত সরকারের সড়কমন্ত্রীও চাঁদাবাজি বৈধ করতে চেয়েছিল, যার টিআইবি প্রতিবাদ জানিয়েছিল। নবগঠিত সরকার একই পথে হাঁটছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীর প্রত্যাশা পূরণে দলীয় শুদ্ধিকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিন। অন্যথায় হতাশা তৈরি হবে এবং বিকল্প শক্তি লাভবান হতে পারে, যা বাংলাদেশের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। প্রধানমন্ত্রীর সঠিক প্রাধান্য নির্ধারণের এখনই সময় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন