সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন (১৫) স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম থেকে কলারোয়া সদরের বাসার উদ্দেশ্যে রওনা দেন। আলাইপুর খাঁপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবাহী ট্রলি তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হন।
পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন বলেন, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
