রমজানের প্রথম জুমায় আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা ইসরায়েলের

রমজানের প্রথম জুমায় আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা ইসরায়েলের

রমজানের প্রথম জুমায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষকে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে হাজারো ফিলিস্তিনি জড়ো হন রামাল্লার কাছে কালান্দিয়া চেকপয়েন্টে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই প্রবেশের অনুমতি পাননি।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেয়া হবে—তাও বিশেষ পারমিট সাপেক্ষে; যা আগের বছরগুলোর তুলনায় এ সংখ্যা অনেক কম। শুধু ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীরা এই অনুমতির আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত কালান্দিয়া চেকপয়েন্ট পেরিয়ে জেরুজালেমের দিকে যেতে পেরেছেন মাত্র দুই হাজারের মতো ফিলিস্তিনি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সংযোগস্থলগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী।

রমজানে আল-আকসা ঘিরে এমন কড়াকড়ি নতুন নয়। তবে চলমান উত্তেজনার মধ্যে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন