ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসবের মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়, যেখানে ২০২৫ সালের জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। বাহরাইনের ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট ব্যবহার করে।
এই দুই ঘাঁটি থেকে সেনা সরানো হলেও বাকি ছয়টি ঘাঁটি থেকে এখনও কোনো সেনা সরানো শুরু হয়নি। পেন্টাগনের তথ্য অনুসারে, মধ্যপ্রাচ্যের আট ঘাঁটিতে মোট ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।
সম্প্রতি জাতিসংঘের ইরানি প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসী অভিযান শুরু করলে দেশটির সামরিক ঘাঁটি, সম্পদ ও অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তু হবে। এই চিঠির পরেই পেন্টাগন কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর সার্বিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমান্ড সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করে নিউইয়র্ক টাইমস, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
