আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্রিকেটারদের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্রিকেটারদের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বার্তা দিয়েছেন।

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি পোস্ট করে লিখেছেন, ‘২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ তামিম ইকবাল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

মাশরাফি বিন মর্তুজা শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন, ‘সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’ শরীফুল ইসলাম লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ কয়েকজন ছাত্র শহীদ হন। দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে এবং প্রতিবছর গোটা জাতি তাদের স্মরণ করে।

আরও পড়ুন