শহীদ মিনার নেই, বারান্দায় ছবি টানিয়ে শ্রদ্ধা

শহীদ মিনার নেই, বারান্দায় ছবি টানিয়ে শ্রদ্ধা

খাগড়াছড়ি সদরের কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় বারান্দায় শহীদ মিনারের প্রতিকৃতি টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে দীর্ঘবছর ধরে শিক্ষা কার্যক্রম চললেও এখনো একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের একটি বড় ছবি টানিয়ে তার সামনে টেবিল সাজিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা গেলে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হতো।

বিদ্যালয়টি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে একটি শহীদ মিনার নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন