ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুজবা পাইপালাইন আটকে দেওয়ার মাধ্যমে ইউক্রেন ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তি লঙ্ঘণ করেছে, এবং ইইউ’র প্রতি ইউক্রেনের যে প্রতিশ্রুতি— তার লঙ্ঘন করেছে। আমরা এ ধরনের ব্ল্যাকমেইল সহ্য করব না।’
তিনি আরও বলেন, ‘এ কারণে হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইইউ’র বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যতদিন দ্রুজবা পাইপলাইন আটকে রাখবে— ততদিন এ ঋণও স্থগিত থাকবে।’
রুশ শব্দ দ্রুজবা-এর বাংলা অর্থ মৈত্রী বা বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য এই পাইপলাইন তৈরি করা হয়েছিল।
গত ২৭ জানুয়ারি রাশিয়াকে চাপে ফেলতে এই পাইপলাইন বন্ধ করে দেয় ইউক্রেন। এখনও এটি বন্ধই আছে।
