লস্কর-ই-তাইয়েবার সন্ত্রাসী হামলার আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাকিস্তানভিত্তিক এই সংগঠন ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তু তালিকায় রেখেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হুমকির পর দিল্লির লাল কেল্লা ও চাঁদনী চকের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চাঁদনী চক এলাকার একটি মন্দির এবং অন্যান্য সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু হতে পারে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশ সিসিটিভি পর্যবেক্ষণ, যানবাহন তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত কর্মী মোতায়েনের মাধ্যমে নজরদারি জোরদার করেছে। জরুরি পরিস্থিতির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রচেষ্টার সাথে এই পরিকল্পনার যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
