কুড়িগ্রামে বেকার যুবকের আত্মহত্যা, চিরকুটে লিখেছেন ‘আমার জন্য সুখী না’

কুড়িগ্রামে বেকার যুবকের আত্মহত্যা, চিরকুটে লিখেছেন ‘আমার জন্য সুখী না’

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার ভোর রাতে দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছেন। তাকে উদ্ধার করে নিচে নামানো হলে তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক। আত্মহত্যার আগে তিনি পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান। চিরকুটে তিনি লেখেন, ‘আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না, কারণ আমি বেকার। সারাজীবন শুধু তোমাদের ওপর নির্ভর করেছি, কখনও তোমাদের জন্য কিছু করতে পারিনি।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন