কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কুমড়োকাঠি এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দ করা আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়।
