নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৫০ নিহত, অপহৃত নারী-শিশু

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৫০ নিহত, অপহৃত নারী-শিশু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের তুঙ্গান দুতসে গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই হামলা শুক্রবার সকাল পর্যন্ত স্থায়ী হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সশস্ত্র হামলাকারীরা শত শত মোটরসাইকেলে করে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় বিপুল সংখ্যক নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা।

বুক্কুয়ুম সাউথ এলাকার নির্বাচিত আইনপ্রণেতা হামিসু এ. ফারু জানান, হামলাকারীরা অত্যন্ত সুসংগঠিতভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে তাণ্ডব চালিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ও অপহৃতদের সঠিক সংখ্যা এখনো জানা না গেলেও স্থানীয় কর্মকর্তারা একটি তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

হামলার শিকার গ্রামবাসী আব্দুল্লাহি সানি জানান, হামলার একদিন আগেই অন্তত ১৫০টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এই আশঙ্কার কথা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

নাইজেরিয়ার এই অঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠী, ডাকাত এবং বিদ্রোহীদের একাধিক হুমকির মুখে সাধারণ মানুষ দিশেহারা। গত সপ্তাহেই নাইজার রাজ্যের বোর্গু এলাকায় চালানো অভিযানে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন।

আরও পড়ুন