ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল শিক্ষক সমিতির নামে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই কর্মকাণ্ডকে অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ বলে অভিহিত করে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সাদা দলের নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে শিক্ষক সমিতি অকার্যকর ও প্রত্যাখ্যাত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোনো বৈধ বা কার্যকর কমিটি নেই। যারা নিজেদের এই সমিতির দায়িত্বশীল দাবি করছেন, তাদের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। এই তথাকথিত দায়িত্বশীলরা জুলাই গণঅভ্যুত্থানের সময় খুনি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন।
সাদা দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই গোষ্ঠীটি সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে গণধিকৃত হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিতে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান। এমনকি প্রাথমিক শাস্তি হিসেবে তাদের অনেককেই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
সাদা দলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তদন্ত চলাকালীন এবং নতুন কার্যকর কমিটি গঠিত না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির নাম বা ব্যানার ব্যবহার করে সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
বিবৃতিতে তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ও পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসরদের কোনো ধরনের অপতৎপরতা সাদা দল বরদাশত করবে না।
