রংপুরে সিটি ঘি নামে একটি কারখানায় অভিযান চালিয়ে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে। শনিবার দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা মাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ছয় মাস আগে দামোদরপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাইদুল নকল ঘির কারখানা তৈরি করে। তিনি ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরি করতেন। তার উৎপাদিত ঘি রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ শনিবার দুপুরে মাইদুলের কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় নকল ঘি, খালি কৌটা, সিল করার মেশিনসহ নকল ঘি উৎপাদনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রমজান ও ঈদকে ঘিরে মাইদুল নকল ঘির উৎপাদন বাড়িয়েছিলেন বলে জানানো হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মাইদুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
