ফুলবাড়ীয়ায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা

ফুলবাড়ীয়ায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর এক নেতাকে আটক করা হয়েছে।

শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আটক নেতা ফতিয়ার কবীর বাপ্পী (৪০) দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে জয় বাংলা মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে আসে। পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা তাদের দিকে তেড়ে আসে এবং বাগবিতণ্ডা হয়। পরে ফুলের তোড়াসহ ফতিয়ার কবীর বাপ্পীকে আটক করা হয়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে দায়িত্বরত পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন