প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, প্রথমবারের মত আজ তার কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণের পাশাপাশি সবার সাথে কুশল বিনিময় করেছেন। পরবর্তীতে বিএনপির নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন। বেকার সমস্যা সমাধানসহ প্রতিশ্রুতি বাস্তবায়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের মতামতও শুনেছেন প্রধানমন্ত্রী।
মাহদী আমিন জানান, বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে। দ্রুততম সময়ে জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি।
