আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
নেপালে হওয়া সেই টুর্নামেন্টে সোবহানা ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান, থাইল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন।
স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা ৪৭ রান করেন এবং বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন। নারী ক্রিকেটে সেরার লড়াইয়ে তার পাশাপাশি আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।
একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি লুইস ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেন। বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নরিস বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন, ১৫ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হন। তাতেই তিনি সেরার দৌড়ে মনোনয়ন পান।
