সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই কর্মসূচি শিগগির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তিনি খাল পুনঃখননের পাশাপাশি প্রতিটি খালের দুই পাশে বৃক্ষরোপণের কর্মসূচিকেও সমন্বিত করছেন বলে জানিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে কাপলাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এই বৃক্ষরোপণ শুধু খাল খননের সঙ্গেই শর্তযুক্ত নয়, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকেও বৃক্ষায়নের জন্য উৎসাহ দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার দলীয় রাষ্ট্র গঠন করবে না। নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
