কুষ্টিয়ায় রমজানে ক্যারাম ও টিভি বন্ধের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি

কুষ্টিয়ায় রমজানে ক্যারাম ও টিভি বন্ধের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি

কুষ্টিয়ায় রমজান মাসে দোকানে ক্যারাম খেলা ও টিভি বন্ধের নির্দেশনা দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আওতাধীন পাটিকাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মসিউল আজম গত শুক্রবার এ নির্দেশনা দেন। সেখানে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাও উপস্থিত ছিলেন।

মসিউল আজম এক ভিডিওতে বলেন, ‘ওই যে ক্যারম খেলতেছে। আমি বন্ধ করে দিছি কিনা? কেন চলল? আমি সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না, তারাবির এক মাস কোনো ক্যারম, কোনো টিভি চলবে না।’ আমির হামজা তখন বলেন, ‘রমজান মাস, ইবাদতের মাস। যা-ই করবেন, নামাজের সময় যেন এইসব না করেন।’

এ ঘটনার পরদিন শনিবার রাত ৮টার দিকে ওই বাজারে বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কেউ কেউ প্রতিষ্ঠান খুললেও শাটার অর্ধেক নামিয়ে রেখেছেন। বাজারের শেষ মাথায় খোলা ছিল শুধু একটি চায়ের দোকান, সেখানে টেলিভিশন চললেও ক্যারাম খেলা বন্ধ ছিল।

স্থানীয় কাশেম মেম্বার বলেন, ‘হঠাৎ এসব বন্ধ করে দেওয়া ঠিক না। তরুণদের বিনোদন-খেলাধুলার দরকার আছে। আমাদের চেয়ারম্যান, মেম্বাররাও মাঝে মধ্যে খেলতে আসেন। তবে টাকা দিয়ে ক্যারাম খেলা ভালো না।’

মসিউল আজম এ বিষয়ে বলেন, ‘এটা ইসলামের প্রতি সম্মান প্রদর্শন। আমি তো কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। ওপর মহলের নির্দেশ ছিল।’ তবে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, দোকানিদের বিষয়ে এমন নির্দেশনা ছিল না।

কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন বলেছেন, এটা কোনো পুলিশি নির্দেশনা না। রোজার দিনে চায়ের দোকান খোলা থাকবে কিনা, সেটা আইন-কানুনের বিষয় না। মানুষের অনুভূতির বিষয়, মানা না মানার বিষয়। এ জন্য আমরা তো কাউকে জেল-ফাঁস দিতে পারবো না।

আরও পড়ুন