মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক, দুই দেশের সহযোগিতার অঙ্গীকার

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক, দুই দেশের সহযোগিতার অঙ্গীকার

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশ নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মার্কিন রাষ্ট্রদূত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, কিন্তু অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা।

তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ সকল দেশের বিপুল আস্থা আছে। মার্কিন রাষ্ট্রদূত তার এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’

আরও পড়ুন