টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ওয়াংখেড়েতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান আসরে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে ক্যারিবীয় দল। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ওমানকে ১০৫ রানে হারিয়েছিল, যা ছিল সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড।

ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, ১২ বলে ৯ রান করে আউট হন ওপেনার ব্রেন্ডন কিং। আরেক ওপেনার সাই হোপ ১৪ রানে ফেরেন। এরপর শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের মধ্যে ৫২ বলে ১২২ রানের জুটি গড়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। হেটমায়ার ৩৪ বলে ৮৫ রান করেন, যাতে সাতটি চার ও ছয়টি ছক্কা ছিল। পাওয়েল ৩৫ বলে ৫৯ রান করেন। ইনিংসের শেষদিকে শেরফাইন রাদারফোর্ড ১৩ বলে ৩১ রান ও রোমারিও শেফার্ড ১০ বলে ২১ রান করে দলকে ২০ ওভারে ২৫৪ রানে নিয়ে যান।

রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়। পাওয়ার প্লে শেষ হতে না হতেই তিনজন ব্যাটার আউট হন, সপ্তম ওভারে আরও এক ব্যাটার ফেরেন। ব্রায়ান বেনেট ৫, মারুমানি ১৪, রায়ান বার্ল শূন্য ও ডিওন মেয়ার্স ২৮ রান করেন। পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ও টনি মুনয়োঙ্গা চাপ সামলান, কিন্তু তাদের রানরেট ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। সিকান্দার রাজা ২৭ রান ও মুনয়োঙ্গা ১৪ রান করেন। শেষ উইকেট জুটিতে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রান করেন, যাতে দুটি চার ও পাঁচটি ছক্কা ছিল। এনগারাভা ৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে গুদাকেশ মোতি ২৮ রানের খরচায় চারটি উইকেট নেন। আকেল হোসেন তিনটি উইকেট পান। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২৫৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্যারিবীয় দলের সর্বোচ্চ রানের ইনিংস। এটি বিশ্বকাপের বর্তমান আসরেও সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে এই ইনিংসের অবস্থান দুই নম্বরে, যেখানে শীর্ষে রয়েছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংস।

আরও পড়ুন