জাবিতে ভর্তির প্রথম ধাপে ফাঁকা আসন অর্ধেকেরও বেশি

জাবিতে ভর্তির প্রথম ধাপে ফাঁকা আসন অর্ধেকেরও বেশি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে ১ হাজার ১০৯টি আসন এখনও পূরণ হয়নি। এর মধ্যে ছাত্রদের জন্য ৬০২টি এবং ছাত্রীদের জন্য ৫০৭টি আসন শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত শূন্য আসনের তালিকা ও ভর্তি সংক্রান্ত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে ‘এ’ ইউনিটে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকা অনুযায়ী ‘এ’ ইউনিটে মোট ৪২৬টি আসনের মধ্যে ৩৪৭টি আসন শূন্য রয়েছে, যার মধ্যে ছাত্র ১৯৯ এবং ছাত্রী ১৪৮।

‘বি’ ইউনিটে মোট ৩২৬টি আসনের মধ্যে ১৯৪টি, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের মধ্যে ২৫৩টি, ‘ডি’ ইউনিটে ৩১০টি আসনের মধ্যে ১২৯টি এবং ‘ই’ ইউনিটে ২০০টি আসনের মধ্যে ১১৯টি আসন ফাঁকা রয়েছে। এছাড়াও ‘আইবিএ’ ইউনিটে ৫০টি আসনের মধ্যে ১৯টি এবং ‘সি’ ১ ইউনিটে ৯টি আসন শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তি শেষে যে আসন ফাঁকা থাকবে, সেগুলোর জন্য আগামী ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, একসঙ্গে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীরা দ্বিধায় থাকেন কোথায় ভর্তি হবেন। এ কারণে প্রথম মেধা তালিকায় তুলনামূলক কম সংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।

আরও পড়ুন