ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে ট্রফি জেতা আর্জেন্টিনা আসন্ন আসরে শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। তবে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝে অধিনায়ক লিওনেল মেসি একটি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, মেক্সিকোর মুখোমুখি হতে চান না।
জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান-এর সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা বলেন, ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে।
মেসি উল্লেখ করেন, “বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়, অনেক সময়ই ‘ডু অর ডাই’ ম্যাচে।” তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল। “আমরা সত্যি বলতে ভয় নিয়ে মাঠে নেমেছিলাম,” বলেন তিনি। মুখোমুখি পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময় কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি।
মেক্সিকো বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশল—এসব কারণে শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার কারণে মেক্সিকো বাড়তি সমর্থন ও পরিচিত ভেন্যুর সুবিধা পাবে, যা বিষয়টিকে আরও কঠিন করে তুলতে পারে। মেসি মন্তব্য করেন, “নিজেদের মাঠে খেলার একটা প্রভাব থাকেই-ভালো বা খারাপ।” এ কারণে তিনি টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বে দুই দলের দেখা হচ্ছে না। গ্রুপ ‘এ’-তে আছে মেক্সিকো, অন্যদিকে ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
