হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান।
নাহিদ ইসলাম বলেন, হামলার সময় স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা অতর্কিতে হামলা শুরু করে, যার সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। এ হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান তিনি।
তিনি অভিযোগ করেছেন যে, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নাহিদ ইসলাম বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক এবং সরকারের দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হয়েছে।
