কুষ্টিয়া পৌরসভায় নাগরিক সমস্যা সমাধানে এক সপ্তাহের সময় দিয়েছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি পৌর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যেসব সমস্যা সাত দিনের মধ্যে সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে হবে। দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর জন্য অতিরিক্ত ১৫ থেকে ২০ দিন সময় দিতে হবে।
সভায় নাগরিকরা যানজট, পানি সমস্যা, মশা, আবর্জনা মুক্তকরণ, সড়ক ও ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানের বিষয়ে আমির হামজা পৌর কর্মকর্তাদের প্রয়োজনীয় নোট নিতে বলেন। তিনি বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ড্রেনে ময়লা ফেলছেন, যা সমস্যার সৃষ্টি করছে। এ বিষয়ে আইন প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে।
আমির হামজা আরও বলেন, ফুটপাতে দোকান বন্ধ করা ও ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শহরের পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে। কুষ্টিয়া পৌরসভার ৪, ৫ এবং ১০ নম্বর ওয়ার্ডে সমস্যার পরিমাণ বেশি।
তিনি বলেন, সরকার গঠন করে কার্যকর ব্যবস্থা নিতে পারলে সমস্যা সমাধানে আরও কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হতো। সংসদ সদস্য বলেন, কিছু বন্ধুরা সমর্থন দিলেও বাস্তবে সহযোগিতা কম পাওয়া যায়।
সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ সুপার জসীম উদ্দিন, পৌর প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
