যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশনে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার সময় প্রতিবাদী স্লোগান দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমপি ইলহান ওমর এবং রাশিদা তালাইবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প তাদের ‘নিম্ন মেধার মানুষ’ উল্লেখ করে বলেন, তাদের দেশের স্বার্থে যত দ্রুত সম্ভব বিতাড়িত করা উচিত।
গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে অবৈধ অভিবাসী নির্মূল অভিযান নিয়ে কথা বলার সময় ইলহান ওমর এবং রাশিদা তালাইব চিৎকার করে প্রতিবাদ করেন। এ সময় ইলহান বলেন, “আপনি মার্কিনীদের হত্যা করছেন।”
ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে তাদের আচরণকে ‘কুটিল এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মতো’ উল্লেখ করে বলেন, “এদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা উচিত।” তিনি আরও বলেন, “এরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারবে না।”
এমপি ইলহান ওমর সোমালিয়ার মোগাদিশুতে জন্মগ্রহণ করেন এবং ১৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আসেন। রাশিদা তালাইব যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, তবে তার পরিবার ফিলিস্তিনি। তিনি ২০১৯ সাল থেকে মিশিগান অঙ্গরাজ্যের এমপি।
দু’জনই ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। ইলহান বলেন, “আমি ট্রাম্পকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে তার প্রশাসনের লোকজন অভিযানের নামে আমার সাংবিধানিক আসনে দু’জনকে হত্যা করেছে।” রাশিদা তালাইব জানান, “দু’জন মুসলিম নারী তাকে (ট্রাম্প) সংশোধন করতে চাইছে এবং তিনি তা মেনে নিতে পারছেন না।”
সূত্র: আলজাজিরা
