প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এবং ব্যান্ড দল ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু।
আজ, বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান স্বাগত বক্তব্য দেন, এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পুরস্কারপ্রাপ্তদের নাম ও তাদের অবদান পাঠ করে শোনান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
