পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সেনা ও পুলিশ যৌথ অভিযানে ৩৪ জন সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এই অভিযান গত কয়েক দিন ধরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, নিহতদের মধ্যে ২৬ জন খাইবার পাখতুনখোয়ার এবং ৮ জন বেলুচিস্তানের। খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন।
আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান, লাক্কি মারওয়াত, বান্নু এবং বেলুচিস্তানের সাম্বাজা জেলায় চার দফা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে গোলাবারুদ, অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নিহত সন্ত্রাসীদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের তালেবানপন্থি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মির সদস্য।
এছাড়া, অভিযানে অংশ নেওয়া পুলিশ বাহিনীর চার সদস্য নিহত হয়েছে এবং আরও দু’জন আহত হয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ২০২১ সাল থেকে।
সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ভারত ও আফগানিস্তানকে দায়ী করে, তবে উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
