চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতিতে বাধা দেওয়ার সময় ৭০ বছর বয়সী চন্দন দে গুলিতে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার বাদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ডাকাত দল পিকআপ ভ্যানে এসে চন্দনের খামার থেকে একটি গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল। চন্দন গাড়িটি থামানোর চেষ্টা করলে ডাকাতেরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চন্দনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ জানায়, একই এলাকা থেকে ডাকাতদল মোট তিনটি গরু নিয়ে গেছে, যার একটি ছিল চন্দন দের। পরবর্তীতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ডাকাত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
