ফেব্রুয়ারিতে ২৫ দিনে প্রবাসীরা পাঠালেন ৩৪ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারিতে ২৫ দিনে প্রবাসীরা পাঠালেন ৩৪ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২৭৯ কোটি ২০ লাখ বা ২.৭৯ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় ৩৪ হাজার ৬২ কোটি টাকা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। এর ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়।

অন্যদিকে, গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুন