মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের ভেতর থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের সিলিংয়ের ভেতরে হঠাৎ একটি বড় অজগর সাপ দেখা যায়। ঘরের সবাই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে চিৎকার চেঁচামেচির পর এলাকাবাসী সাপটিকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। পরে স্থানীয় একজনের ফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক ঘণ্টা প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
