বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইসরায়েলের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রিস থেকে এটি হাইফা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে আসার নির্দেশ দেন। গত মঙ্গলবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঁঘাটিতে পৌঁছায়।
ইউএসএস জেরাল্ড ফোর্ডের আগেই মধ্যপ্রাচ্যে উপস্থিত হয় আব্রাহাম লিঙ্কন নামের আরেক রণতরী, যা সঙ্গে অন্তত ডজন খানেক যুদ্ধজাহাজ নিয়ে এসেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র আকাশেও শক্তি বাড়াচ্ছে, যেখানে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষ বৈঠকে বসেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আলোচনা ওমানের দূতাবাসে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও তার জামাতা জের্ড ক্রুসনার।
বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধার আগে সর্বশেষ কূটনৈতিক সুযোগ হতে পারে। অন্যদিকে, আব্বাস আরাগচি বলেছেন যে, তাদের সামনে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে তেহরান।
